News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে প্রস্তুত বেইজিং

নতুন সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে প্রস্তুত বেইজিং

ফাইল ছবি

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় লাভ করায় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন। একইসঙ্গে নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

নির্বাচনের এই ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া জানাতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সেখানে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি অত্যন্ত স্থিতিশীল, সুষ্ঠু এবং মসৃণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় বিজয়ী হওয়ায় তিনি বিএনপিকে উষ্ণ অভিনন্দন জানান।

বাংলাদেশের একনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চীন সবসময়ই এদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অগ্রযাত্রার প্রতি শ্রদ্ধাশীল। 

আরও পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন জানালো চীন

সংবাদ সম্মেলনে মুখপাত্র উল্লেখ করেন যে, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডাগুলো বাস্তবায়নে এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের পরীক্ষিত ও সময়ের বিচারে উত্তীর্ণ বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বেইজিংয়ের মূল লক্ষ্য।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে চীন জানিয়েছে, উচ্চমানসম্পন্ন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বাংলাদেশের সঙ্গে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে তারা প্রস্তুত। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ওপর বিশেষ জোর দিয়েছে বেইজিং। 

মুখপাত্র তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বিদ্যমান ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চীন নিবিড়ভাবে কাজ করে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়