তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে তারেক রহমান ও তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আগাম রমজান মোবারক বলেন এবং নির্বাচনে বিপুল জয়ের জন্য “আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে” অভিনন্দন জানান।
তিনি লিখেন, সবাই ভালো থাকুন, সুখী থাকুন এবং বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় থাকবে বলেই তিনি প্রত্যাশা করেন।
এর আগে একই নির্বাচনী বিজয়কে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও তারেক রহমানকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন
এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, সংসদীয় নির্বাচনে বড় বিজয়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন উল্লেখ করে তিনি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’-এর প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
মোদি আরও বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যেতে তিনি ভবিষ্যৎ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয় এবং এর মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে।
সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যে ২১২টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-র জোট পেয়েছে ৭৬টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। আরও ২টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে এবং একই সংখ্যক আসনের ফলাফল স্থগিত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








