তারেককে মোদীর অভিনন্দন, সম্পর্ক জোরদার করতে উন্মুখ ভারত
ছবি: সংগৃহীত
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চলা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে এক্স বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন মোদী।
তারেক রহমানকে উদ্দেশ্য করে মোদী বলেন, “এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত।”
বাংলাদেশ-ভারতের আগামী সম্পর্ক নিয়ে মোদী বলেন, "আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।”
আরও পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
সংসদ নির্বাচনে ‘ঐতিহাসিক বিজয়ের জন্য’ বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাসও।
জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে বৃহস্পতিবার গণভোট হয়েছে শান্তিপূর্ণভাবে।
১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকারগঠন করেছিল তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে।
এবার তাদেরই সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চতুর্থবারের মত দেশ শাসনের ভার নিতে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








