চূড়ান্ত ফল ঘোষণার পরও পারস্পরিক শ্রদ্ধা অটুট রাখার আহ্বান প্রধান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানান তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারত্ব মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন: ২৯৯ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ফয়েজ আহম্মদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী ও ভোটগ্রহণে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তারমতে, তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে এ বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে— জনগণই সব ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাবো।
তিনি বলেন, এ নির্বাচন আমাদের জন্য আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন ছিল। এ ধারা অব্যাহত থাকলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে।
তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার এ অভিযাত্রায় একসঙ্গে কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এনডি








