News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে ভোট দিলেন ড. মুহাম্মদ ইউনূস

নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে ভোট দিলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

স্মরণীয় এক পরিবেশে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এই নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৭ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-২, ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দিনটিকে আনন্দের বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আমরা অতীতকে পিছনে ফেলে নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছি। আজ সারা জাতির জন্য মুক্তির দিন। সেই উপলক্ষে আমরা উৎসব পালন করছি। 

তিনি আরও বলেন, এটি এক ধরনের ঈদের মতো। ভোটদান খুবই সুন্দরভাবে হচ্ছে, ফ্যান্টাস্টিক! আমরা এখন একটি নতুন বাংলাদেশ তৈরি করছি ‘বাংলাদেশ টু পয়েন্ট ও’।

ড. ইউনূস জানান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে অনুরোধ কর- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ। এ সময় উপস্থিত ভোটাররা তাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে ভোট দিলেন সেনাপ্রধান

গুলশান আসনটিকে সাধারণভাবে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

এদিকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, যেখানে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন; তাদের মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসনটি বাদ দিয়ে ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়