সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে ভোট দিলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জাতির জীবনে দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজ একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
দেশব্যাপী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটগ্রহণ অনুকূল পরিবেশে চলছে।
তিনি বলেন, আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে যে খবর এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
সম্মানিত ভোটারদের উদ্দেশে সেনাপ্রধান আহ্বান জানিয়ে বলেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং নিজেদের ভোট প্রদান করুন।
তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
গণমাধ্যমকর্মীদের ভূমিকারও প্রশংসা করে সেনাপ্রধান বলেন, যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরায় সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যেতে উৎসাহিত হচ্ছে। বক্তব্যের শেষে তিনি দেশের সব নাগরিকের মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








