News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে থাকবেন ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

নির্বাচনে থাকবেন ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৪০ জন বিভিন্ন দেশ থেকে আগত এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটের জন্য আসা আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি বলে ভাষ্য প্রধান উপদেষ্টার দপ্তরের।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম সংসদ নির্বাচনে চারজন এসেছিলেন।

পর্যবেক্ষক দল পাঠানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে—এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে একজন।

এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ থেকে দুজন করে এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন পর্যবেক্ষক রয়েছেন।

আরও পড়ুন: ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, মালয়েশিয়া, জর্ডান, তুরস্ক, ইরান, জর্জিয়া, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার প্রতিনিধিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ৫১ জন পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে দেশ ও সংস্থাগুলোর সাড়া পেয়ে আমরা অভিভূত।”

তিনি বলেন, “এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের সক্ষমতার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো ডানকোয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক গভর্নমেন্ট ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের কর্মকর্তা রামলান বির হারুন এবং ইরানের পার্লামেন্ট সদস্য বেহনাম সাঈদি পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।

পঞ্চাশটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে দুই হাজারের বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়