ভোটকেন্দ্রে পুলিশের জন্য ২২ নিষেধাজ্ঞা
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, নির্বাচনকালীন আচরণবিধি রক্ষা নিশ্চিতে এসব নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থী, প্রার্থীর এজেন্ট বা সমর্থকের কাছ থেকে কোনো ধরনের খাবার, উপহার বা সুবিধা গ্রহণ করা যাবে না। পাশাপাশি প্রার্থীর সঙ্গে ছবি তোলা, আলাপচারিতা বা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনও কঠোরভাবে নিষিদ্ধ। ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করা, ভোটকক্ষে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া প্রবেশ এবং ভোটারকে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করাও মানা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিপেটা করা যাবে না। কোনো রাজনৈতিক মিছিল বা প্রার্থীর কার্যালয়ে অংশগ্রহণও নিষিদ্ধ। এছাড়া রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করা, ব্যক্তিগত পছন্দের সমর্থন করা বা গালিগালাজ, হুমকি, অবমাননাকর আচরণও সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থি কোনো নির্দেশনা পালন করা যাবে না। দায়িত্বকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা, রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোটগ্রহণের দিন ব্যক্তিগত আলাপচারিতায় ফোন ব্যবহার একদম বন্ধ থাকবে।
নির্বাচনি দায়িত্বকালে অনৈতিক আচরণ, অসদাচরণ বা সংবেদনশীল তথ্য প্রকাশও মানা হয়েছে। ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী নিয়ে পূর্বানুমান বা আলোচনা করা যাবে না। অফিসিয়াল রিকোয়েস্ট ছাড়া কোনো স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও কাউকে পাঠানো যাবে না। দায়িত্বকালে ব্যক্তিগত আলাপে মশগুল হওয়া বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করাও নিষিদ্ধ।
জনসমাগম স্থল, খোলা জায়গায় যত্রতত্র খাবার গ্রহণ, ফুটপাত বা টং দোকানে বসা, বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি খাওয়া, অশোভন পোশাক পরিধান এবং অপেশাদার কাজ করার ওপরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জারি করা হয়েছে। সূত্র জানায়, নির্দেশনা মেনে না চললে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








