News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের আগের কঠোর নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনাটি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ভোটের গোপনীয়তা ও পবিত্রতা নিশ্চিত করতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: ‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

নির্দেশনায় মোবাইল ফোন ব্যবহারের অনুমোদিত ব্যক্তিদের পাঁচটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। এরা হলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্দিষ্ট দুই জন আনসার সদস্য, দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট। অন্য কোনো কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই বিধিনিষেধের বাইরে নেই।

নির্বাচন কমিশন ইতোমধ্যে এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করেছে। কমিশন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচন ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে।

আগের নিষেধাজ্ঞা সমালোচনার মুখে এসেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইসিতে আপত্তি জানানো হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্দেশনা পরিবর্তন না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছিলেন। এ প্রেক্ষাপটে কমিশন ভোটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য স্পষ্ট ও সমন্বিত নির্দেশনা জারি করেছে, যা ভোটের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়