২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব না হলেও নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও একটি বড় চ্যালেঞ্জ ছিল।
ইসি সচিব আরও বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সংক্রান্ত প্রজ্ঞাপনটি আজই প্রত্যাহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।
আরও পড়ুন: ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ইসি সচিব
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








