News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যে ঘোষণা করা হবে: ইসি

নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যে ঘোষণা করা হবে: ইসি

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফলাফল ঘোষণার বিষয়ে শঙ্কা থাকলেও নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এর মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় কাটিয়ে তুলেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারব।

ইসি আরও বলেন, আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ সম্ভব। যদিও দুর্গম এলাকায় সামান্য বিলম্ব হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এ ছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়