কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। এর ১৪ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলা কারাগারের জেলা প্রশাসন মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশ চন্দ্র সেন সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে প্রথমে ঠাকুরগাঁও কারাগারে রাখা হয় এবং পরদিন দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা চলছিল।
আরও পড়ুন: দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর ভোট
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত করলে তিনি সদস্যপদ হারান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








