News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ১২ তারিখই হতে হবে: ইনকিলাব মঞ্চ

নির্বাচন ১২ তারিখই হতে হবে: ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেছেন, ১২ তারিখের নির্বাচন বানচাল করতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, সুতরাং এ নির্বাচন অবশ্যই হতে হবে এবং তা ১২ তারিখেই হতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের আমাদের রুখে দিতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

জাবের বলেন, ১২ তারিখে নির্বাচন বানচালের উদ্দেশ্যে তাদের ওপর যে হামলা চালানো হয়েছে, সে ‘নীলনকশা’কে জনগণের শক্তিতে ব্যর্থ করে দিতে হবে। জনগণের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বলেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন গণভোটে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত ও নিরাপত্তার প্রশ্ন জড়িত। পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীদের দল-মত নির্বিশেষে ভোট দিয়ে ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

হামলার বিবরণ দিতে গিয়ে জাবের বলেন, তিনি নিজে এবং তার আশপাশের একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। তার দাবি, সালাউদ্দিন আম্মারকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে তার মুখে সেলাই দিতে হয়েছে। এছাড়া জুমার গালে আঘাতের চিহ্ন, মাথায় আঘাত, শান্তাকে গলা চেপে ধরার ঘটনাও উল্লেখ করেন তিনি।

জাবেরের অভিযোগ, ইনকিলাব মঞ্চের কর্মীদের গুলি ও রাবার বুলেট ছুড়ে সরিয়ে দেওয়ার পর ভেতরে আটকে পড়া কর্মীদের ওপর শত শত পুলিশ সদস্য নির্বিচারে লাঠিচার্জ করেন। এতে ফাহিমসহ দুই-তিনজনের হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন। এছাড়া এক কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে অক্সিজেন দিয়ে হাসপাতালে নিতে হয়েছে এবং তিনি বর্তমানে মানসিক ট্রমায় ভুগছেন বলেও জানান।

আরও পড়ুন: হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

তিনি বলেন, আমাদের খুন করার উদ্দেশ্য নিয়েই এ হামলা চালানো হয়েছে। আমরা ইতোমধ্যে একজন ভাইকে হারিয়েছি। এরপরও নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পর দায়িত্বে আসা সরকার এ ঘটনার সুষ্ঠু বিচার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়