প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় জারি ১৪৪ ধারা
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অবস্থান নেন সরকারি কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি কর্মচারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হন।
এদিন বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবার আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনা অভিমুখী সড়কে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যমুনা এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








