News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে মাঠপর্যায়ের সদস্যদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এ নির্দেশনা দেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত কোনো পুলিশ সদস্য নির্বাচনসংক্রান্ত ছবি, পোস্ট, ব্যক্তিগত মন্তব্য বা কোনো ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না।

অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইতোমধ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নিরপেক্ষতা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা উপঢৌকন গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন ব্যক্তিগত খাবার গ্রহণের বিষয়েও সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরাই করবেন। কোনো ব্যক্তি বা পক্ষের কাছ থেকে খাবার কিংবা অন্য কোনো সহায়তা গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন: নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

তিনি বলেন, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া পুলিশের জন্য গৌরবের বিষয় হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়