যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি।
তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।
৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, প্রতিনিধি দলটি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যে ঢাকায় বসেই চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। স্বাক্ষরিত নথি প্রতিনিধি দলটি ওয়াশিংটনে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার।
আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
মন্ত্রণালয় সূত্র জানায়, জাপান সফরের পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে বাণিজ্য উপদেষ্টা ও সচিব সরাসরি ওয়াশিংটনে যেতে পারছেন না।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। টোকিওতে আগামীকাল বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের কথা রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেবেন তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








