নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবসের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, শেষ মুহূর্তে আদালতের নির্দেশে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু কেন্দ্রে ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে।
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপতথ্য। এ বিষয়ে আমরা মেটার সঙ্গে কথা বলেছি এবং আশা করছি তারা সহযোগিতা করবে। আমরা চাই না ইন্টারনেটের গতি কমানো হোক। পাশাপাশি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণের অনুরোধও মেটাকে জানানো হয়েছে।
এদিকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, তারা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন, তবে কোনো উপদেশ দিতে আসেননি। তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ করা এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করা।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে এবং সামনে আরও পর্যবেক্ষক আসবেন।
আরও পড়ুন: নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার: ইসি
ইভারস ইজাবস আরও জানান, সিইসির সঙ্গে নির্বাচনের চ্যালেঞ্জ ও সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা সন্তুষ্ট। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ৩০০ আসনের নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








