News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই’

‘নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই’

আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের সুযোগ নেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নতুন সংসদ সদস্যরা স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে একজন পালাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজন কার্যত অনিশ্চিত। এছাড়া, তাদের বিরুদ্ধে গুরুতর মামলার বিষয় এবং পদত্যাগের ঘটনাও পরিস্থিতিকে জটিল করেছে।

আসিফ নজরুল জানান, এই অবস্থায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর দুটি বিকল্প পথ রয়েছে। এক দিকে, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি যে কাউকে মনোনীত করতে পারেন শপথ পড়ানোর জন্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উচ্চপদস্থ সাংবিধানিক পদধারী যেমন প্রধান বিচারপতি ও শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন, যদি তিনি সম্মত হন।

দ্বিতীয়ভাবে, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনও কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা না গেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন।

আরও পড়ুন: আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন 

আইন উপদেষ্টা আরও জানান, সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। তাই বিলম্ব না করে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়া এখন অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া, শপথ আয়োজনের বিষয়টি সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্তের মধ্যে পড়ে, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়