News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিনে মেট্রোরেল চলবে স্বাভাবিক, থাকবে অতিরিক্ত ট্রেন

ভোটের দিনে মেট্রোরেল চলবে স্বাভাবিক, থাকবে অতিরিক্ত ট্রেন

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন যাত্রীচাপ সামলাতে নিয়মিত সূচির বাইরে অতিরিক্ত ট্রেন পরিচালনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার খাতিরে ভোটকেন্দ্র সংলগ্ন স্টেশনের নির্দিষ্ট কিছু প্রবেশপথ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, ছুটির দিনগুলোতেও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন যাত্রী চাপ বিবেচনা করে আমরা অতিরিক্ত ট্রেন চালাব। কোনো অসুবিধা হবে না।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের ঠিক পাশের স্টেশনগুলোর গেট নিরাপত্তার কারণে বন্ধ রাখা হবে। তবে অন্য সব গেট যাত্রীদের জন্য খোলা থাকবে। ভোটকালীন সময়ে মেট্রোরেল এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন: পে-স্কেল গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সকল কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল থাকবে। একই সঙ্গে ইউনিট প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেলের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংক্রান্ত কাজে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটারদের কেন্দ্রে পৌঁছানো সহজ করতে এবং যাত্রীদের ভোগান্তি এড়াতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়