News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেল গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম

পে-স্কেল গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম

ফাইল ছবি

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চরম স্থবিরতা বিরাজ করছে। 

এদিন দুপুরের মধ্যে দাবি আদায়ের সুনির্দিষ্ট ঘোষণা না এলে আগামীকাল শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ ও পরবর্তীতে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী নেতারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা আজ সকালে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দীর্ঘ সাত বছর বেতন বৃদ্ধি না হওয়ায় সাধারণ কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, জেলা ও দায়রা জজ আদালতের নাজির তরিকুল রহমান এবং কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বাদশা তালুকদার ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। বক্তারা আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানান। অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর, শ্রমিক তোপের মুখে নৌ উপদেষ্টা

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ডাকা তিন দিনের বিশেষ কর্মসূচির আজ শেষ দিনে সকাল ৯টা থেকেই গণকর্মবিরতি শুরু হয়। এর ফলে সরকারি অফিসগুলোতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। গত ২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়ার পরও নতুন কমিটি গঠন করে সময়ক্ষেপণ এবং সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। 
আন্দোলনকারীদের দাবি, গত ১৫ ডিসেম্বরের সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে প্রতীকী ‘ভূখা মিছিল’ করা হবে। বর্তমান বাজার পরিস্থিতিতে অনাহারে-অর্ধাহারে থাকা কর্মচারীদের দুর্দশা তুলে ধরতেই এই কর্মসূচি। 

নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকের মধ্যে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে আগামীকালকের মিছিল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়