ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই সাহসী ও সংহতিমূলক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি পাকিস্তান সরকারকে এই বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার তার দেশের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেন।
তিনি বৈঠকে উল্লেখ করেন, খেলার মাঠে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থাকা কাম্য নয় এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্তকে তিনি ‘একেবারেই যথাযথ’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান পাকিস্তানের
এর আগে, ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ৩ জানুয়ারি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়। কিন্তু আইসিসি বাংলাদেশের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খাওয়ার সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পাকিস্তান ক্রীড়া বোর্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইতিমধ্যে এই সিদ্ধান্তকে আইসিসির দ্বৈত মানদণ্ডের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
আইসিসি অবশ্য পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে পাকিস্তানের ক্রিকেটের স্বার্থ এবং বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। সংস্থাটি পাকিস্তানকে সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নির্ধারিত দিন ছিল ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে। তবে পাকিস্তান দল ইতিমধ্যে নিশ্চিত করেছে যে, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই অবস্থানের ফলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতি অন্যায়ের বিরুদ্ধে এক নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








