শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসন থেকে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করেছেন। এ কারণে আসনটি ঘিরে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা যান, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। প্রার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করবেন এবং পরবর্তী সময়ে নতুন তফশিল ঘোষণা করবেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে অবস্থার অবনতি ঘটে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই মাসুদ বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজেও জানানো হয়েছে, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার ও দলীয় সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








