নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ
ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। প্রধান লক্ষ্য হলো দেশের সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইসি সানাউল্লাহ বলেন, গণভোট অধ্যাদেশের ২১ নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের জন্য যেসব ভায়োলেশন আছে, গণভোটের ক্ষেত্রেও সেগুলো ভায়োলেশন হিসেবে গণ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারবেন না এবং কোনো প্রচার-প্রচারণার সুযোগ নেই। তবে তারা ভোটের বিষয়ে মানুষকে সচেতন করতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিছু শব্দচয়ন হয়। সমর্থকদের মধ্যে নির্বাচনের কারণে ইনফেরিয়র কাজ ঘটতে পারে। এগুলো যেন সীমিত পর্যায়ে থাকে। আমরা চাই না নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হোক।
আরও পড়ুন: আওয়ামী লীগ ও জামায়াত ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম
ইসি আশা প্রকাশ করেন, “আমরা চেষ্টা করছি সহায়ক পরিবেশ তৈরি করতে, যাতে শতভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








