আওয়ামী লীগ ও জামায়াত ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম ভারতের সংবাদমাধ্যম দ্য উইক-কে এক বিশেষ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের রাজনীতিতে আ.লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আ.লীগও থাকবে। বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত সাড়ে ১৪ মিনিটের সাক্ষাৎকারে তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের লড়াইয়ে নিজে নেই। এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তিনি এনসিপি ও জামায়াতের পারস্পরিক অস্তিত্বের সমীকরণ তুলে ধরেছেন।
মাহফুজ আলম আশা করেছিলেন, জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তি বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘তৃতীয় বিকল্প’ গড়ে তুলতে পারবে। তবে, এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করে, তখন সেই পরিকল্পনা ভেস্তে যায়।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করলে বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার কোনো উত্তর আমাদের কাছে নেই। আদর্শিক ও রাষ্ট্র পরিচালনার নীতি সব দিক থেকেই নতুন প্রজন্মের মেলবন্ধন সম্ভব নয়। গত দেড় বছরের যাত্রা ছিল এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’-এর মধ্য দিয়ে যাওয়ার।
ভবিষ্যৎ সরকার ব্যবস্থার বিষয়ে মাহফুজ আলম সতর্ক করেছেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি বা জামায়াত, সমাজের ভেতরের ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। শুধু কাগজে-কলমে সংস্কার করলেই হবে না। ভিন্ন মত ও ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা না হলে সমাজে বিশৃঙ্খলা চলতেই থাকবে।
আরও পড়ুন: দেশের নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ আন্তর্জাতিক পর্যবেক্ষ
সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকেও অগ্রাধিকার দিয়ে বলেছেন, জনগণের বিশ্বাস ফেরাতে হলে অতীতের ভূমিকার জন্য গণমাধ্যমকে ক্ষমা বা বোঝাপড়ার জায়গায় আসতে হবে।
বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা মাহফুজ আলম বই পড়ছেন, হতাশ তরুণদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কেন সম্ভব হলো না তা বোঝার চেষ্টা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








