News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৩২, ৩০ জানুয়ারি ২০২৬

দেশের নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ আন্তর্জাতিক পর্যবেক্ষ

দেশের নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ আন্তর্জাতিক পর্যবেক্ষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে মোট ৫৭ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষকও নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নেবেন।

জানা গেছে, সর্বোচ্চ ১৪ জন পর্যবেক্ষক পাঠাবে মালয়েশিয়া। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া যেসব দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে, সেগুলো হলো—ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) ও দক্ষিণ আফ্রিকা (২)।

উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ বলেন, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তি কমিশনের সহ‑সভাপতি নির্বাচিত বাংলাদেশ

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়