News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:১৩, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচন-গণভোটে পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচন-গণভোটে পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশ সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্ব পালনে সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুর সার্কিট হাউজে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে হলে সামরিক ও বেসামরিক সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি সংস্থার ভূমিকা হতে হবে দায়িত্বশীল, নিরপেক্ষ ও জনগণের আস্থাভিত্তিক।

আরও পড়ুন: নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার

মতবিনিময় সভা শেষে সেনাপ্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা দেন।

সেনাপ্রধানের রংপুর এরিয়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ ছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও কর্মসূচিতে অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়