মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি
ছবি: সংগৃহীত
চাঁদাবাজি আর দখলদারির জেরেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, রাজনৈতিক কারণে নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির। যেখানে জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’।
কারওয়ান বাজারে চাঁদাবাজিতে এখনো ৮ থেকে ৯টি চক্র সক্রিয় রয়েছে বলেও জানান ডিবি প্রধান।
এদিকে মুছাব্বিরকে হত্যা মামলায় গতকাল শুক্রবার ‘শুটার’ মো. রহিমকে নরসিংদী থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করে। এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার: বিএনপি
গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনে মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








