ঢাকায় জনসমাগম ও যানজট, মার্কিন দূতাবাসের সতর্কতা
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পাশাপাশি বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) একটি সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাঁর জানাজা নামাজ আগামীকাল শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে।
দূতাবাসের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ওই এলাকা এবং সমগ্র ঢাকায় জানাজার কারণে অত্যন্ত ভারী যানজটের সৃষ্টি হতে পারে। মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ
বার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
প্রসঙ্গত, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মার্কিন দূতাবাসের জারি করা সতর্কবার্তার মাধ্যমে ঢাকায় অবস্থানরত সকল নাগরিককে জনসমাবেশ এড়িয়ে চলা এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








