শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা
ওসমান হাদি। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিনের চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ওসমান শরিফ হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির অকাল প্রয়াণে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








