News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ১৮ ডিসেম্বর ২০২৫

২০ বছর পর ২৭তম বিসিএসে ৬৭৩ জনকে সরকারি চাকরি

২০ বছর পর ২৭তম বিসিএসে ৬৭৩ জনকে সরকারি চাকরি

ফাইল ছবি

প্রায় ২০ বছর পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার মাধ্যমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে সরকার নিয়োগ দিয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, প্রার্থীদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের যোগদানের জন্য নির্দিষ্ট করা হয়েছে আগামী ১ জানুয়ারি, যেখানে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে উপস্থিত হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। বুনিয়াদি প্রশিক্ষণের পরে তাদের চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে। শিক্ষানবিশকাল দুই বছর নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে সরকার এই মেয়াদ দুই বছরেরও বেশি বাড়াতে পারবে।

শিক্ষানবিশকালে যদি কোনও প্রার্থী চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হন, তবে তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া চাকরি থেকে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে পার হলে প্রার্থী স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন।

আরও পড়ুন: নির্বাচনী নিরাপত্তা বিষয়ে বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করল সরকার

নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড পূরণ করতে হবে। বন্ড অনুযায়ী, শিক্ষানবিশকালে বা সফলভাবে শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে যদি প্রার্থী চাকরি ত্যাগ করেন, তবে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা ও অন্যান্য প্রদত্ত সুবিধা ফেরত দিতে বাধ্য থাকবেন। চাকরি ত্যাগের ক্ষেত্রে সরকারি বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগপ্রাপ্তদের ব্যাচের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখার জন্য এই নিয়োগ আদেশ তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রজ্ঞাপনের তারিখ থেকে কার্যকর হবে। তবে এর ফলে প্রার্থীরা অতীতের কোনও বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

৬৭৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের প্রার্থী ৯০ জন, পুলিশ ক্যাডারের ৭০ জন, অডিট ক্যাডারের ৫ জন, সমবায় ক্যাডারের ৫ জন, খাদ্য ক্যাডারের ২ জন, আনসার ক্যাডারের ১ জন এবং কর ক্যাডারের ১ জন।

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিল। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করেছিল। এই ফল বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্ট ২০০৮ সালের ৩ জুলাই রায় দেয় এবং তা বৈধ ঘোষণা করে। পরে আপিল বিভাগ ১,১৩৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীর নিয়োগের নির্দেশ দেয়। এ নির্দেশের অংশ হিসেবে এবার ৬৭৩ জন প্রার্থীর নিয়োগ কার্যকর করা হলো।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়