নির্বাচনী নিরাপত্তা বিষয়ে বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করল সরকার
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে বিস্তারিত অবহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ব্রিফিংয়ে ঢাকাস্থ প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
সচিব জানান, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
একই সঙ্গে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্রিফিংয়ের সময় দূতাবাসগুলোকে তাদের নিজস্ব নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারেও সরকার পূর্ণ আশ্বাস দিয়েছে। এ পদক্ষেপ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি বিদেশি অংশীদার ও স্টেকহোল্ডারদের আশ্বস্ত করার উদ্দেশ্য নিয়েই নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








