News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৫৮, ১৮ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য দেশের সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পরও ওসমান হাদির জন্য দোয়া করবেন। খাস দিলে দোয়া করলে তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্য ধর্মাবলম্বীদেরও অনুরোধ করেছেন, তারা নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে হাদির জন্য প্রার্থনা করবেন। তিনি সংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাবে মূলত এই দোয়ার ওপর গুরুত্ব দেন এবং অন্য কোনো ইস্যুতে মন্তব্য করতে অস্বীকার করেন।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

আরও পড়ুন: হাদির হামলাকারী ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ মুহূর্তে আমাদের দোয়াই সবচেয়ে বেশি দরকার। যদি সবাই খাস দিলে দোয়া করেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

গত সোমবার নির্বাচনি প্রচারে গেলে হামলার শিকার হওয়া হাদি ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে পেছনের মোটরসাইকেল থেকে গুলি করা হয়, যা তার মাথায় লাগে। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয় এবং রাতেই তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিঙ্গাপুরে হাদির সর্বশেষ অবস্থার তথ্য সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

এদিকে, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবি না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়