News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. শামস আখতার ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের দিকনির্দেশনায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের আন্তরিক সহযোগিতা এই উদ্যোগকে সফল করেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রবাসীদের জন্য এই আধুনিক সেবা নিশ্চিত করায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি ও অতিথিবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করেন।

অনুষ্ঠানে পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশের নাগরিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়