News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হন। 

কয়েকদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তার দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তিনি এখনো এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কে অতিরিক্ত ফোলাভাবের কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সোমবার পর্যন্ত তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল টিম আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য জানায়নি। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

রবিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একইদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। পাশাপাশি সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের ঘোষণাও দেন তিনি।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়