News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৫, ১৪ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসী হামলা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে: ইসি সানাউল্লাহ

সন্ত্রাসী হামলা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার যেকোনো চেষ্টাকে কঠোর হাতে দমন করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমিশন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, “জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।” ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার হওয়া অনেক আসামি জামিনে মুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তারা সফল হবে না।

নির্বাচন কমিশনার জানান, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এসব ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিয়মিত অভিযান জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি সব বাহিনীর গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায়ও সতর্কতা জোরদার করতে বলা হয়েছে।

বিশেষ সতর্কতার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, “সবার উচিত আশপাশের মানুষদের বিষয়ে সচেতন থাকা। কোনো নাশকতাকারী যেন সুযোগ না পায়, সে বিষয়ে আমরা বার্তা দিয়েছি।”

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার মাধ্যমে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন সেই চেষ্টা সফল হতে দেবে না।

সন্দেহভাজন ব্যক্তিরা ঘনিষ্ঠতা তৈরি করে নাশকতার পরিকল্পনা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার হওয়া অনেকের অতীত ও অপরাধমূলক রেকর্ড রয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: হাদির মাথায় গুলি চালায় ফয়সাল, বাইকের চালক আলমগীর: ডিএমপি

প্রচারণার সামগ্রী অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা নেবেন। এ বিষয়ে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের অস্ত্র বহন বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “অপতথ্য পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কোনো প্রার্থী কোনো অবস্থাতেই অস্ত্র বহন করতে পারবেন না।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়