News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:০৩, ১৪ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে গাবতলী-সাভার সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

বিজয় দিবসে গাবতলী-সাভার সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণে অংশ নেবেন। এ সময় তাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বিশেষ যানবাহন চলাচল থাকবে।

এ কারণে উল্লিখিত সময়ের মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিসহ সব ধরনের যানবাহনকে গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার রোড ব্যবহার না করে নির্ধারিত বিকল্প সড়ক দিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ২

নির্ধারিত বিকল্প সড়ক
১. গাবতলী থেকে সাভারগামী যানবাহন: ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন: টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং।

৩. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহন: নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন: কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী সড়ক ব্যবহার।

ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের পুলিশি নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়