হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ২
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ডিএমপি কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
এর আগে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম এবং মায়ের নাম মোছা. ফুরকোন। তিনি পেশায় একজন শ্রমিক।
র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। মোটরসাইকেলটি শনাক্তের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








