News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৩, ২৬ জানুয়ারি ২০২৬

হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় আজ

হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় আজ

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (সোমবার) রায় ঘোষণা করা হবে। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারিত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি করা হয় ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়। এতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।

ঘটনার তদন্ত প্রতিবেদন ২০২৪ সালের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১–এ ফরমাল চার্জ দাখিল করা হয় এবং একই দিন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। অন্য চার আসামি পলাতক রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

আরও পড়ুন: প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক চলেছে ২৪ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপক্ষ আট আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, তবে আসামিপক্ষ বেকসুর খালাস চেয়েছে। এখন রায়ের দিকে নজর রাখছেন সবাই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়