প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ছবি: সংগৃহীত
আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এর জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে সিইসি ওই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।
তিনি আরও জানান, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। দীর্ঘ সময় পার হলেও সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
আরও পড়ুন: পরোয়ানা জারির ৪০ মিনিটেই সিমিন রহমানের জামিন
এর পরিপ্রেক্ষিতেই আদালত আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








