News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে ‘ডাইনি’ অপবাদে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

ভারতে ‘ডাইনি’ অপবাদে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক নারী ও তার ১০ মাস বয়সী ছেলেক পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম জ্যোতি সিনকু। হামলায় জ্যোতির স্বামী কোলহান সিনকুও গুরুতর দগ্ধ হয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নৃশংস এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

গত মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে প্রত্যন্ত কুদসাই গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে সম্প্রতি গবাদি পশুর মৃত্যু এবং পুস্তুন বিরুয়া নামে এক স্থানীয় ব্যক্তির অসুস্থতা নিয়ে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। বিরুয়ার স্ত্রী জানান, তার স্বামী অসুস্থ হলে তিনি একজন হাতুড়ে ডাক্তারের পরামর্শ নেন। ওই ব্যক্তি দাবি করেন, বিরুয়া কোনো শারীরিক রোগে নয় বরং কারও ‘কুনজরে’ অসুস্থ হয়েছেন।

এরই মধ্যে গ্রামে গুজব রটে যে, জ্যোতি সিনকু ‘ডাইনি’ বিদ্যা চর্চা করছেন এবং তার কারণেই বিরুয়া অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিরুয়ার মৃত্যু হলে পরিস্থিতি চরমে পৌঁছায়।

আরও পড়ুন: ট্রাম্পের একতরফা শুল্কনীতি অবৈধ: সুপ্রিম কোর্ট

হাসপাতালের শয্যায় শুয়ে জ্যোতির স্বামী কোলহান সিনকু জানান, ওই রাতেই প্রায় ১২ জনের একটি দল তাদের বাড়িতে চড়াও হয়। হামলাকারীদের মধ্যে নারীও ছিলেন। তারা জ্যোতি ও তার ১০ মাস বয়সী সন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারে।

কোলহান বলেন, “আমি হাতজোড় করে গ্রাম পঞ্চায়েতের কাছে বিষয়টি মিমাংসার জন্য অনুনয় করেছিলাম, কিন্তু তারা শোনেননি।”

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে দেশটিতে কেবল ‘ডাইনি’ সন্দেহে ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং পলাতক বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে। এর পাশাপাশি কুসংস্কার বিরোধী সচেতনতা বাড়াতে গ্রামীণ এলাকায় বিশেষ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়