News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের প্রথম দিনে পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১৬

রমজানের প্রথম দিনে পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১৬

ছবি: সংগৃহীত

রমজান মাসের প্রথম দিনে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি বাসভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  ভোর ৪টার দিকে শহরের সোলজারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে জানান, ভোরে ভবনটির বাসিন্দারা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তিনতলা ভবনটি ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে ২৭ জন নিহত ও আরও ১০ জন আহত হন।

আরও পড়ুন: ল্যানসেটের গবেষণা: গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে

নগর প্রশাসনের তথ্য অনুযায়ী, করাচিতে প্রায় ৬০০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব ভবন দুর্বল নির্মাণের কারণে যে কোনো সময় ধসে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়