দুই ঘণ্টার ব্যবধানে ভারতের দুই অঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি
ভারতের দুই অঞ্চলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে জোরালো দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে একইদিন ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯.০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২.৭৮ ডিগ্রি।
ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন–৫’-এর অন্তর্ভুক্ত, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত বেশি ক্ষতিকর হয়, কারণ কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে ভূমি বেশি কাঁপে।
আরও পড়ুন: বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
উল্লেখ্য, ২০০৪ সালের ভয়াবহ ভূমিকম্পে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সুনামি সৃষ্টি হয়েছিল, এতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








