বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ বিভিন্ন জেলায় ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর।
গত ২৯ জানুয়ারি, কোয়েটা, গাওদার, মাসতাং ও নোশকি জেলার বিভিন্ন স্থানে বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে, যাতে ৪৮ জন নিহত হন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী কর্মকর্তা ও কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন।
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী জানান, হামলাকারীরা সাধারণ বেসামরিক পোশাক পরিহিত ছিল এবং জনসমাগমপূর্ণ এলাকায় মিশে গিয়েছিল।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষিদ্ধ বেলুচ স্বাধীনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ৩০ জানুয়ারি হামলার দায় স্বীকার করে। বিএলএ জানিয়েছে, তারা ‘অপরেশন ব্ল্যাক স্টর্ম’-এ নিরাপত্তা বাহিনীর ৮৪ সদস্যকে হত্যা এবং ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তবে রয়টার্স এই দাবির যথার্থতা যাচাই করতে পারেনি।
বিএলএ-এর দায় স্বীকারের কয়েক ঘণ্টার মধ্যে পুরো বেলুচিস্তান জুড়ে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪০ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।
বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও এটি দেশের দরিদ্রতম অঞ্চল। ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে আসছে। ইসলামাবাদ সবসময় এই আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: ইসরায়েল সফরে নেচে-গেয়ে ট্রাম্পকে খুশি করার চেষ্টা মোদির
নিরাপত্তা বাহিনীর এই অভিযান বেলুচিস্তানে এক বছরের মধ্যে সবচেয়ে বড় এবং সংক্ষিপ্ত সময়ে এত বড় সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








