News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৩, ২৫ জানুয়ারি ২০২৬

বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’

বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের সদ্যসমাপ্ত জন্মদিনকে আরও রঙিন করে তুলেছিল তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সেদিন থেকেই ছবিটির মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে জানা গেল সেই দিনক্ষণ।

শনিবার (২৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘কিং’-এর নতুন একটি টিজার। এতে বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে কিংবা রক্তাক্ত, মারমুখী অবয়বে হাজির হয়েছেন শাহরুখ খান। তার এই লুক ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টিজারের এক পর্যায়ে প্রকাশ করা হয় সিনেমাটির মুক্তির তারিখ। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। অর্থাৎ বড়দিনে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে ফিরছেন শাহরুখ এতে আর সন্দেহ থাকছে না।

এ সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ–সিদ্ধার্থ জুটির সাফল্য দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। ফলে নতুন এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদও স্বাভাবিকভাবেই তুঙ্গে।

‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে নাম লেখালেও ‘কিং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। ছবিতে শাহরুখ অভিনয় করেছেন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে, যিনি নিজের শিষ্যকে প্রশিক্ষণ দেন। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা–মেয়ের এই যুগলবন্দি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি!

শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের দেখা যেতে পারে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়