বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি!
ছবি: সংগৃহীত
একসময় ছোটপর্দায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধতা ছড়িয়েছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বর্তমানে দুজনেই সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি, যা নিয়ে ভক্তদের আক্ষেপ ছিল চোখে পড়ার মতো। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বড় পর্দায় একসঙ্গে ফিরছেন নিশো ও মেহজাবীন।
জানা গেছে, ভিকি জাহেদের পরিচালনায় একটি সিনেমায় এক হতে যাচ্ছেন ছোটপর্দার এই জনপ্রিয় জুটি। যদিও এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতোমধ্যেই শেষ হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিচালক ভিকি জাহেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ‘হোমবাউন্ড’
এদিকে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন তার অভিনীত সিনেমা ‘দম’-এর কাজ। অন্যদিকে মেহজাবীন যুক্ত হয়েছেন নির্মাতা শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে। ‘ক্যাকটাস’ নামের ওই সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








