চলচ্চিত্রে আর গাইবেন না অরিজিৎ সিং
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত
ভারতীয় সংগীত জগতের অবিসংবাদিত সম্রাট অরিজিৎ সিংয়ের এক আচমকা ঘোষণা পুরো বিনোদন বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, তিনি আর প্লেব্যাক সিংগার হিসেবে কোনো নতুন কাজ বা দায়িত্ব গ্রহণ করবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং এই ঘোষণা দেন। তার এমন সিদ্ধান্তে শুধু ভক্তরাই নন, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের সংশ্লিষ্টরাও বিস্মিত হয়েছেন। মাত্র ৩৮ বছর বয়সে, জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এই সিদ্ধান্ত ভারতীয় সিনেমার প্লেব্যাক ইতিহাসে একটি বড় শূন্যতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ তার অগণিত শ্রোতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক সিংগার হিসেবে আর কোনো নতুন দায়িত্ব নেব না। এই দীর্ঘ যাত্রাটি ছিল সত্যিই অসাধারণ।
তবে তিনি স্পষ্ট করে জানান, গান গাওয়া কিংবা সংগীতচর্চা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। বরং ভবিষ্যতে ভিন্ন আঙ্গিকে সংগীতের সঙ্গে যুক্ত থাকতে চান এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই প্রতিভাবান শিল্পী আরও জানান, পূর্বে দেওয়া ব্যবসায়িক প্রতিশ্রুতি ও চুক্তিবদ্ধ কাজগুলো তিনি যথাযথভাবে সম্পন্ন করবেন। প্লেব্যাক সিংগিং থেকে বিরতি নিলেও সংগীতের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আবেগঘন বার্তায় হতাশা প্রকাশ করেছেন, আবার অনেকে মনে করছেন অরিজিৎ হয়তো স্বতন্ত্র বা স্বাধীন সংগীতের (ইন্ডিপেন্ডেন্ট মিউজিক) দিকেই বেশি মনোযোগ দিতে যাচ্ছেন।
আরও পড়ুন: সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল
সব মিলিয়ে, এই প্রিয় কণ্ঠশিল্পীর অনুপস্থিতি বলিউড ও টলিউডের পর্দায় কতটা প্রভাব ফেলবে সেটিই এখন বিনোদন অঙ্গনের বড় প্রশ্ন হয়ে উঠেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








