শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অপু
ছবি: সংগৃহীত
ঢালিউড পাড়ায় নতুন করে বইছে চিত্রনায়িকা শবনম বুবলীর পুনরায় মা হওয়ার গুঞ্জন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে এই খবরটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বুবলীকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যের রেশ ধরে অবধারিতভাবেই সামনে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নাম, তবে কি শাকিব খান আবারও বাবা হতে চলেছেন? ভক্তদের মনে উঁকি দেওয়া এমন হাজারো প্রশ্নের মুখে সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করেছেন শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।
অপু বিশ্বাস জানান, বিষয়টি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নে খানিকটা বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!
সোশ্যাল মিডিয়ায় চলমান আলোচনা প্রসঙ্গে তিনি জানান, কাজের ব্যস্ততার কারণে তিনি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে খুব একটা সক্রিয় নন।
অপু বলেন, কাজের কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব কম থাকি। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।
ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বিশ্বাস বলেন, একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। তবে তিনি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে পছন্দ করেন না।
তার ভাষায়, ভাগ্য বলেন বা কারমা বলেন, আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা বা কাউকে তীর মারতে পছন্দ করি না।
আরও পড়ুন: আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বুবলী
আলোচনার একপর্যায়ে শাকিব খান প্রসঙ্গে নিজের কৃতজ্ঞতার কথাও তুলে ধরেন অপু বিশ্বাস।
তিনি বলেন, আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার ডিরেক্টর, প্রোডিউসার ও সহশিল্পীরা। এগুলো ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আমি অনুভব করি না। এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।
উল্লেখ্য, সিনেমায় কাজ করতে গিয়ে ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর, ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তবে পরের বছর, ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।
অন্যদিকে, শবনম বুবলী জানিয়েছেন, তিনি ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন এবং ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়। পরবর্তীতে সেই সংসারও স্থায়ী হয়নি।
সাম্প্রতিক সময়ে বুবলীর যুক্তরাষ্ট্র সফর, দেশে ফেরার পর বিভিন্ন আয়োজনে ঢিলেঢালা পোশাকে উপস্থিতি এবং একটি অনুষ্ঠানে তার নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবি বাম্প দৃশ্যমান। যদিও এসব গুঞ্জন নিয়ে এখনো বুবলী কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি; বরং প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশলই নিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে, ব্যক্তিগত গুঞ্জনের বাইরে পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন লুকে প্রকাশিত একাধিক স্থিরচিত্রে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ছবির ক্যাপশনে ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ’- এই বার্তাটি ভক্তদের দৃষ্টি কেড়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেই পোস্টে ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
চলচ্চিত্রের কাজেও অপু বিশ্বাস ব্যস্ত। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ছবিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় নিরবের সঙ্গে অভিনয় করে বড় পর্দায় উপস্থিত ছিলেন তিনি।
শোবিজ অঙ্গনে চলমান এই গুঞ্জন ও প্রতিক্রিয়াগুলো আপাতত আলোচনার কেন্দ্রে থাকলেও, সংশ্লিষ্ট কেউই আনুষ্ঠানিকভাবে নতুন কোনো পারিবারিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেননি।
নিউজবাংলাদেশ.কম/পলি








