আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বুবলী
শবনম বুবলি। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে শোবিজ তারকাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং। দীর্ঘ সময় নিরব থাকার পর এবার এই বিষয়ে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্রহননের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মী বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দেয়।
ভিউ ও ডলার আয়ের প্রতিযোগিতাকেই বুবলী দায়ী করে বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু বলা হয় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
শিল্পী নারী হিসেবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণ। তিনি আক্ষেপ করে বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।
আরও পড়ুন: বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’
বিদেশে বসে দেশের শিল্পীদের হেয়প্রতিপন্ন করার বিষয়টিও বুবলীর নজরে এসেছে। তিনি মনে করেন, শিল্পীদের ছোট করা মানে দেশকে ছোট করা, যা গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








