News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪০, ১৩ এপ্রিল ২০২৬

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা/অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আবদুস সালাম। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. আবদুস সালামকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন: এসএসসি ২০২৬: ডিজিটাল নকল রোধ ও আসন বিন্যাসে কঠোর নির্দেশনা

নিয়োগের শর্তানুসারে, এই আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপ-উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

এছাড়া শর্ত হিসেবে আরও উল্লেখ করা হয়েছে যে, তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

অধ্যাপক ড. আবদুস সালাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ যুগ্ম আহ্বায়ক হিসেবেও সম্পৃক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে তার এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়