স্কুলে সংস্কৃতিচর্চা বাড়ালে উগ্রবাদের স্থান থাকবে না: ববি হাজ্জাজ
কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত
স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত করা গেলে দেশে উগ্রবাদের কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক সাংস্কৃতিক কর্মকাণ্ড পাঠ্যক্রমে আরও বিস্তৃত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংগীত, নাটক, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়। এতে তাদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, ফলে উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গঠনের কার্যকর উপায় হিসেবে কাজ করে।
ববি হাজ্জাজ
জানান, প্রাথমিক শিক্ষাই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তিকে আরও শক্তিশালী করতে প্রাথমিক শিক্ষাক্রমে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষক দলও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি সুস্থ, সৃজনশীল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতিচর্চা বিস্তৃত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








